কুমিল্লায় গণপিটুনির পর ডাকাতদের লুট করা স্বর্ণ-টাকা ও পিকআপ নিয়ে গেলো জনতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩২ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ গণপিটুনির সুযোগে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি ডাকাতদের কাছ থেকে লুট করা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন বাঙ্গরা থানার টনকি গ্রামের মো. ফারুক মিয়া (৩৯), বাহাদুর (২৬), কাশিমপুর গ্রামের মনির হোসেন (২৬), থোল্লা গ্রামের রবিউল ইসলাম (৩০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের মোহন বেপারী (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাকাতি শেষে একটি পিকআপ ভ্যানে করে দ্রুত পালিয়ে যাচ্ছিল একটি দল। পথে চান্দিনার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় বেপরোয়া গতির পিকআপটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর অটোরিকশার যাত্রীরা মোবাইল ফোনে কুটুম্বপুর এলাকার বাসিন্দাদের বিষয়টি জানালে স্থানীয়রা শীল বাড়ি এলাকার অলি কোম্পানির বাড়ির সামনে সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন।

সকাল সাড়ে ৭টার দিকে পিকআপটি সেখানে পৌঁছালে স্থানীয়রা সেটি থামিয়ে পাঁচজনকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা তাদের মারধর শুরু করলে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক পাঁচজনকে থানায় নিয়ে যায়।

এদিকে, স্থানীয় একাধিক দায়িত্বশীল ব্যক্তির দাবি, ডাকাতদের আটক করার পর ভিড়ের মধ্যে থাকা কয়েকজন প্রভাবশালী যুবক তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যায়। শুধু তাই নয়, অপরাধে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও দ্রুত অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তাদের তথ্য যাচাই করে দেখা গেছে, অনেকের বিরুদ্ধেই ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ডাকাতদের কাছ থেকে নিয়ে যাওয়া মালামাল ও পিকআপ উদ্ধারে পুলিশ কাজ করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970