ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব অধিকাংশ বাংলাদেশি ও মার্কিনির, সবচেয়ে কম ভারতীয়দের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:২৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৩৬টি দেশের মানুষের মধ্যে পরিচালিত এক আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরও তাদের আস্থা খুব কম। তবে জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ইসরায়েল ও নেতানিয়াহুকে নিয়ে সবচেয়ে কম নেতিবাচক মনোভাব দেখা গেছে ভারতের নাগরিকদের মধ্যে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি এ জরিপ পরিচালনা করে। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত জরিপটি চালানো হয়। গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর অধিকাংশ সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক বা প্রতিকূল মনোভাব প্রকাশ করেছেন। অন্যদিকে মাত্র ২৫ শতাংশ মানুষের দৃষ্টিভঙ্গি ছিল ইতিবাচক।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ও অঞ্চলগুলোর মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এর মধ্যে তুরস্কে ৯৭ শতাংশ, পাকিস্তানে ৯৫ শতাংশ, মালয়েশিয়ায় ৮৯ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৮৬ শতাংশ, ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৮৫ শতাংশ এবং বাংলাদেশে ৭৯ শতাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

ইউরোপের জরিপভুক্ত দেশগুলোতেও ইসরায়েল সম্পর্কে বিরূপ দৃষ্টিভঙ্গি লক্ষ করা গেছে। নেদারল্যান্ডসে ৭৬ শতাংশ, স্পেনে ৭৮ শতাংশ এবং ইতালিতে ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি অত্যন্ত নেতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। একইভাবে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ অংশগ্রহণকারীও ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন।

এ ছাড়া উত্তর আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে বয়স্কদের তুলনায় তরুণদের মধ্যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব বেশি দেখা গেছে। তবে এ জরিপে সবচেয়ে কম নেতিবাচক মনোভাব পাওয়া গেছে শ্রীলঙ্কা (৪১ শতাংশ), নাইজেরিয়া (৪১ শতাংশ), ঘানা (৩৬ শতাংশ) এবং ভারতের (২৮ শতাংশ) নাগরিকদের মধ্যে।

অন্যদিকে, বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আস্থার প্রশ্নেও অধিকাংশ দেশের মানুষ নেতিবাচক অবস্থান নিয়েছেন। জরিপ অনুযায়ী, তুরস্কে ৯৫ শতাংশ, পাকিস্তানে ৯২ শতাংশ, মালয়েশিয়ায় ৯১ শতাংশ, বাংলাদেশে ৯০ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৮৯ শতাংশ এবং ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৮৮ শতাংশ মানুষ জানিয়েছেন, নেতানিয়াহুর ওপর তাদের খুব কম অথবা একেবারেই আস্থা নেই।

এ ছাড়া জাপান, অস্ট্রেলিয়া, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এবং যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক মানুষও একই ধরনের মতামত দিয়েছেন। জরিপে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে নেতানিয়াহুর প্রতি সবচেয়ে কম অনাস্থা প্রকাশ করেছেন ভারতের নাগরিকরা, যেখানে এ হার ২৭ শতাংশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970