রহস্যজনকভাবে গরম হয়ে গেছে মাটি, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি গরম হয়ে ওঠার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় ৫০ ফুটজুড়ে অস্বাভাবিক তাপ অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নির্দিষ্ট স্থানে মাটি অস্বাভাবিকভাবে গরম থাকার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে সেখানে গর্ত করে পরীক্ষা করলে মাটির নিচ থেকেও তাপ বের হতে দেখা যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা ওই স্থানে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা চালায়।

গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এবিএম আবুল বাশার জানান, ঘটনাস্থলে গিয়ে মাটির একটি নির্দিষ্ট অংশে অস্বাভাবিক তাপ অনুভব করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও কী কারণে এ তাপ সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত কারণ নির্ণয় করা হবে।

স্থানীয়দের ধারণা, ভূগর্ভস্থ কোনো গ্যাসের উপস্থিতি, রাসায়নিক বিক্রিয়া কিংবা অন্য কোনো অজানা কারণে এ ধরনের তাপ সৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তাপের উৎস এবং সম্ভাব্য ঝুঁকি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রহস্যজনক এ ঘটনাকে ঘিরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উৎসুক মানুষের ভিড় জমেছে। মাটির নিচে কী কারণে এমন অস্বাভাবিক তাপ সৃষ্টি হচ্ছে, তার উত্তর জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970