টাঙ্গাইলে বজ্রপাতে স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:১১ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে দগ্ধ হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেলদুয়ার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা মো. খালিদুল ইসলাম (৩০) এবং তার ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, খালিদুল ইসলাম স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। পরে দুপুরে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য রওনা দেন। পথে শাহদারীপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, বজ্রপাতের সময় খালিদুল ইসলামের বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগুন ধরে যায়। এতে তার পোশাকেও আগুন লেগে যায় এবং বাবা-মেয়ে দুজনই গুরুতর দগ্ধ হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বাবা ও মেয়ের মৃত্যু হয়েছিল। তাদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

এদিকে একই সময়ে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে আসব খানের দুটি গরুও মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970