দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে: মির্জা ফখরুল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলা উদ্বোধন উপলক্ষে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি নবগঠিত ভুল্লি উপজেলা উদ্বোধন অনুষ্ঠানেও অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। তিনি দাবি করেন, জাতিসংঘে সভাপতিত্বের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা দেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

সরকারের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। অল্প সময়ের মধ্যেই ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছর থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

রুহিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এ দিনে তিনি বিগত সময়ের প্রয়াত সংসদ সদস্য ও দলীয় নেতাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, অনেক প্রবীণ নেতা আজ আর আমাদের মাঝে নেই। তাঁদের অবদান রুহিয়ার মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।

তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মাদক থেকে দূরে থেকে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজকে আরও দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের আগে তিনি রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বালিয়া, দেবীপুর, শুখানপুকুরি, আউলিয়াপুর ও বড়গাঁও ইউনিয়ন নিয়ে ভুল্লি উপজেলা এবং রুহিয়া, আখানগর, ঢোলরহাট, রাজাগাঁও, পশ্চিম রুহিয়া ও সেনুয়া ইউনিয়ন নিয়ে রুহিয়া উপজেলা গঠিত হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970