নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:১৪ পিএম
ইসরায়েলি বিধিনিষেধ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদমুখী হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদের প্রাঙ্গণ ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি ও বিভিন্ন বাধা অতিক্রম করে বহু মুসল্লি পবিত্র এ স্থানে পৌঁছাতে সক্ষম হন। নামাজে অংশ নিতে অনেককেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।
গত তিন বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা আরোপ করে আসছে ইসরায়েল। এসব বিধিনিষেধের কারণে বহু ফিলিস্তিনি নিয়মিতভাবে মসজিদে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ অবস্থায় মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থানে প্রবেশাধিকারের ওপর নতুন করে নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা আরোপের অভিযোগও সামনে এসেছে।