দুনিয়া মাথা নত করে, তবে নত করানোর মতো লোক থাকা চাই: অভিজিত দীপকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে শনিবার (২৫ জুলাই) তিনি পদত্যাগ করেন। শুরুতে সরকার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীদের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপ এক হিন্দি প্রবাদ উল্লেখ করে প্রতিক্রিয়া জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এতদিন বলা হতো এই সরকারে পদত্যাগের কোনো সংস্কৃতি নেই। কিন্তু ‘দুনিয়া মাথা নত করে, তবে নত করানোর মতো লোক থাকা চাই।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি আন্দোলনকারী শিক্ষার্থী ও তার দলের ধৈর্য, ঐক্য এবং দৃঢ় অবস্থানের প্রশংসা করেন।
ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটি হলো মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’। এই পরীক্ষার মাধ্যমে লাখো শিক্ষার্থী চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যায়। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা শুরু থেকেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়ে আসছিলেন।
গত সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট ভবনের উদ্দেশে বিক্ষোভ মিছিল বের করলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও মারধরের অভিযোগ ওঠে। এরপর আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরীক্ষার্থীকে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার দাবিও জানান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া