ইন্টারসেপ্টর শেষ হয়ে যাওয়ার ভয়ে ইরানে বড় হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
টানা দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক অভিযান চালানোর পর হঠাৎ করেই নতুন হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত দুই দিন ধরে কোনো নতুন বিমান হামলা না চালানোর পেছনে অন্যতম কারণ হিসেবে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
রোববার (২৬ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়। ওই বৈঠকের পরই পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা থেকে সরে আসে ওয়াশিংটন।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২৪ জুলাই) ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও জোরালো সামরিক পদক্ষেপের ঘোষণা দিলেও পরবর্তী জরুরি বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে তিনি অবস্থান পরিবর্তন করেন। বৈঠকে সামরিক নেতৃত্ব সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তাঁর সামনে তুলে ধরেন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেন। তাঁর ভাষ্য, ইরানের বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালানো সম্ভব হলেও পাল্টা আক্রমণের মুখে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত সংকটে পড়তে পারে।
এদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, টানা সামরিক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে কি না, তা নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর মতে, সাম্প্রতিক হামলার পর ইরানের ভেতরে জাতীয়তাবাদী ঐক্য আরও শক্তিশালী হয়েছে এবং বিদেশি হুমকির বিরুদ্ধে দেশটির জনগণ আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ হচ্ছে।
এমন কৌশলগত বিবেচনার মধ্যেই গত শুক্রবার ও শনিবার (২৫ জুলাই) রাতে ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো হামলা চালায়নি মার্কিন বাহিনী।