৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম
টলিউড অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের পরিবারে এসেছে নতুন সদস্য। কন্যাসন্তান কৃষভির জন্মের এক বছরেরও কম সময়ের ব্যবধানে এবার পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন তারা।
শনিবার প্রকাশ করা এক পারিবারিক ছবির সঙ্গে দেওয়া পোস্টে কাঞ্চন ও শ্রীময়ী জানান, তাদের সংসার আরও পরিপূর্ণ হয়েছে। কন্যা কৃষভির ছোট ভাই পৃথিবীতে এসেছে। নবজাতকের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। মেয়ের নামের সঙ্গে মিল রেখেই ছেলের নাম নির্বাচন করেছেন তারা। নতুন অতিথিকে ঘিরে পরিবারের আনন্দ-উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন এই দম্পতি।
গত কয়েক মাস ধরে শ্রীময়ী চট্টোরাজের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হলেও বিষয়টি এড়িয়ে যান। অবশেষে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী।
পুত্রসন্তানের জন্মের পর কাঞ্চন মল্লিক জানান, চিকিৎসকদের হিসেবে সন্তান জন্মের সম্ভাব্য সময় ছিল আগামী আগস্ট মাসে। তবে হঠাৎ জরুরি পরিস্থিতি তৈরি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিতে হয়। তিনি বলেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। শ্রাবণ মাসে ছেলের আগমনকে তিনি পরিবারের জন্য শুভ সূচনা হিসেবেও উল্লেখ করেন।
কাঞ্চন আরও বলেন, বর্তমান সময়ে ব্যক্তিগত বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সমালোচনা ও বিদ্রূপের মুখে পড়তে হয়। সে কারণেই শ্রীময়ীর গর্ভধারণের খবর গোপন রেখেছিলেন তারা। পরিবারের এই বিশেষ সময়টিকে ব্যক্তিগত রাখতে চেয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এর আগে দ্বিতীয় সংসারের এক পুত্রসন্তান এবং শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে কন্যাসন্তান কৃষভির বাবা হন কাঞ্চন মল্লিক। নবজাতক কৃষিভের জন্মের মধ্য দিয়ে ৫৬ বছর বয়সে তৃতীয়বারের মতো বাবা হলেন এই অভিনেতা। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরাও।