আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ের ঘোষণা পরীমণির
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
বিশ্বকাপ ফুটবলের উত্তাপ যখন চরমে, ঠিক তখনই ভক্তদের চমকে দিয়ে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি জানিয়েছেন, প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জিতলে তিনি আবারও বিয়ে করবেন।
বুধবার সেমিফাইনাল ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টটির সঙ্গে তিনি কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এতে হাজারো প্রতিক্রিয়া ও শেয়ার জমা পড়ে। তবে পোস্টটিতে মন্তব্য করার সুযোগ বন্ধ রেখেছিলেন এই অভিনেত্রী।
নেটিজেনদের অনেকেই পরীমণির এই ঘোষণাকে নিছক মজার ছলে দেওয়া মন্তব্য হিসেবে দেখছেন। আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা ও সমর্থনের বিষয়টি এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন পরীমণি। বিয়ে ও বিচ্ছেদকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাকে ঘিরে সংবাদ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে রয়েছে। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
বর্তমানে একক মা হিসেবে ছেলে পুণ্যকে নিয়ে জীবনযাপন করছেন পরীমণি। একই সঙ্গে চলচ্চিত্র ও বিভিন্ন ইন্টারনেটভিত্তিক প্রদর্শনমাধ্যমের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
এদিকে, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এমন প্রেক্ষাপটে পরীমণির এই ব্যতিক্রমী ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।