মেসিকে ‘লুজার’ বললেন বলিউড অভিনেত্রী গওহর খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম
ফিফা ফুটবল বিশ্বকাপে মিশর ও আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। ম্যাচের ফলাফল এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে কড়া মন্তব্য করে তিনি আলোচনায় এসেছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল শেয়ার করে গওহর খান লেখেন, ‘লুজার! মেসির নামের বানান “মেসি” নয়, “মেসি”র বদলে “মেসি (মেসি/নোংরা)” হওয়া উচিত। মেসি আসলে নোংরা। ব্যথা পাওয়ার অভিনয় তিনি খুব ভালো করেন।’
ম্যাচ চলাকালে মুখে আঘাত পাওয়ার ঘটনায় মেসির প্রতিক্রিয়াকে বিশ্বাসযোগ্য মনে করেননি এই বলিউড অভিনেত্রী। তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকোর মতো তিনিও মনে করছেন, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে।
গওহর খানের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মেসির সমর্থকরা তার বক্তব্যের সমালোচনা করছেন, অন্যদিকে কেউ কেউ আবার তার মতের সঙ্গে একমতও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০০২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান গওহর খান। এরপর ২০০৯ সালে ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরবর্তীতে ‘ইশাকজাদে’ এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।