স্পাইডার-ম্যানের খোঁজে নিউইয়র্কে মেসি, ভাইরাল মার্ভেলের নতুন প্রোমো
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন লিওনেল মেসি। এবার তিনি হাজির হয়েছেন সুপারহিরোর জগতে। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারণায় প্রকাশিত নতুন একটি প্রোমো ভিডিওতে স্পাইডার-ম্যানকে খুঁজতে দেখা গেছে আর্জেন্টাইন এই ফুটবল তারকাকে।
প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফি শপে বসে ফোনে নিজের ব্যক্তিগত নানা সমস্যার কথা বলছেন। ঠিক সেই সময় একটি বিশেষ ট্র্যাকার অনুসরণ করে সেখানে প্রবেশ করেন লিওনেল মেসি। তার উদ্দেশ্য ছিল স্পাইডার-ম্যানকে খুঁজে বের করা। কিছুক্ষণ পরই পিটার পার্কার স্পাইডার-ম্যানের পোশাকে হাজির হন। ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডার-ম্যানের সঙ্গে জালে ঝুলে দুলতে দেখা যায় মেসিকে।
আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে মার্ভেল ইউনিভার্সের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সেই সিনেমার প্রচারণার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে এই বিশেষ প্রোমো। বরাবরের মতো এবারও ভক্তদের জন্য নানা গোপন ইঙ্গিত বা ‘ইস্টার এগ’ রেখে দিয়েছে মার্ভেল।
ভিডিওতে মেসির হাতে দেখা যাওয়া ‘স্পাইডি ট্র্যাকার’ নতুন দর্শকদের কাছে ভিন্ন কিছু মনে হলেও কমিকসপ্রেমীদের কাছে এটি পরিচিত একটি উপকরণ। ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে পিটার পার্কার নিজেই এই ট্র্যাকার তৈরি করেছিলেন। এটি তার ওয়েব-শুটারের সঙ্গে সংযুক্ত ছিল এবং প্রথমবার ব্যবহার করা হয়েছিল ডক্টর অক্টোপাসের অবস্থান শনাক্ত করতে।
এদিকে প্রোমো প্রকাশের পর ভক্তরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেছেন। মেসির হাতে থাকা ট্র্যাকারের স্ক্রিনে একাধিক লাল বিন্দু দেখা গেছে। অনেকের ধারণা, এটি সিনেমায় একাধিক স্পাইডার-ম্যান বা মাল্টিভার্সের উপস্থিতির ইঙ্গিত হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নির্মাতারা। এর আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় টোবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডকে একসঙ্গে দেখা গিয়েছিল।
নতুন সিনেমার গল্প শুরু হবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। যেখানে পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই স্পাইডার-ম্যান। এমনকি তার কাছের মানুষরাও তাকে আর চিনতে পারেন না। নতুন এই অভিযানে নিউইয়র্ক শহরকে এক অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা করতে পিটারের সঙ্গে যোগ দেবেন দ্য পানিশার ও হাল্ক।
এরই মধ্যে প্রোমোতে লিওনেল মেসির চমকপ্রদ উপস্থিতি সিনেমাপ্রেমী ও ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ঘিরে চলছে ব্যাপক উচ্ছ্বাস।