সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো, পড়লেন নামাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো সৌদি আরবে অবস্থানকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
তুর্কি আল-শেখের তথ্য অনুযায়ী, সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিংয়ের সময় জিয়ানকার্লো ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাসের ঘোষণা ‘শাহাদা’ পাঠ করেন। পরবর্তীতে তিনি একটি মসজিদে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে জামাতে নামাজও আদায় করেন।
দীর্ঘদিন ধরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে কাজ করে আসছেন জিয়ানকার্লো এসপোসিতো। তিনি বিশেষভাবে বিশ্বজুড়ে পরিচিতি পান জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাকে আন্তর্জাতিক খ্যাতির পাশাপাশি একাধিক পুরস্কারের মনোনয়ন এনে দেয়।
এ ছাড়া ‘ব্রেকিং ব্যাড’-এর স্পিন-অফ ‘বেটার কল সল’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’সহ বিভিন্ন আলোচিত হলিউড প্রযোজনায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে কাজ করার সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, তাদের আন্তরিকতা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েই জিয়ানকার্লো এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি সৌদিতে পাওয়া অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি মসজিদের ভেতরে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করছেন জিয়ানকার্লো এসপোসিতো।
উল্লেখ্য, বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে বৈশ্বিক পর্যায়ে আরও সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরব বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক প্রযোজনার শুটিং আয়োজন করছে। ‘সেভেন ডগস’সহ একাধিক বড় বাজেটের প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা অংশ নিচ্ছেন।