ইকরার মৃত্যু: যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
ঢাকার মিরপুরে স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি যাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ।
এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ এবং বাদীপক্ষের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন ইকরার বাবা কবির হায়াত খান। এ সময় তাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসে যাহের আলভীর বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
একই দিন ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
স্ত্রীর মৃত্যুর সময় যাহের আলভী দেশের বাইরে অবস্থান করছিলেন। পরে তার আইনজীবী উচ্চ আদালতে আবেদন করেন, দেশে ফেরার পর যেন তাকে গ্রেপ্তার বা হয়রানি করা না হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করলে গত ৫ জুন দেশে ফেরেন তিনি।
এর আগে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান যাহের আলভীর মা নাসরিন সুলতানা।