বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, ৪ জানাজা শেষে দাফন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৫০ পিএম

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রোববার বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনার মরদেহ বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কায়সার হামিদ।

বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে রাজধানীর বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা আয়োজন করা হবে।

এরপর রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মায়ের দেওয়া মসজিদের জমির পাশেই কারিনাকে সমাহিত করা হবে।

জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে হঠাৎ রক্তচাপ মারাত্মকভাবে কমে গেলে সব চেষ্টা ব্যর্থ হয়।

১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্ম নেওয়া কারিনা কায়সার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার প্রাণবন্ত ব্যক্তিত্ব ও সৃজনশীল কাজের স্মৃতিচারণ করছেন। পরিবারে তিনি দুই ভাই রেখে গেছেন। বরেণ্য দাবাড়ু রানী হামিদ তার দাদি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970