হেফাজতে কোনো বিভেদ নেই, ১১ দলীয় জোট শুধু রাজনৈতিক ঐক্য: মামুনুল হক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো ধরনের বিভেদ বা বিরোধ নেই। ১১ দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও হেফাজতে ইসলাম আকিদা ও আবেগের জায়গা বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৭ মে) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মামুনুল হক।

ফটিকছড়ির নাজিরহাটে অবস্থিত আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতের কেন্দ্রীয় নেতা ও উপকমিটির সদস্যদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো ফাটল বা বিভেদ নেই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভেদের গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সভা শেষে মামুনুল হক বলেন, চব্বিশ পরবর্তী সময়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যেখানে হেফাজতের অনেক নেতা যুক্ত হয়েছেন। এটি মূলত ভোট ও রাজনৈতিক ঐক্যের বিষয়। তবে হেফাজতে ইসলাম আমাদের আকিদা ও আবেগের সংগঠন।

তিনি আরও বলেন, আমিরে হেফাজত বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন এবং তার বক্তব্যের সঙ্গে তাদের কোনো দ্বিমত বা ক্ষোভ নেই। বরং তার বক্তব্যের সঙ্গে তারা সম্পূর্ণ একমত।

রুদ্ধদ্বার বৈঠকে হেফাজতে ইসলাম ও ১১ দলীয় জোটভুক্ত নেতাদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মুফতি আল্লামা জসিম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ ও মাওলানা আতাউল্লাহসহ আরও অনেকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970