আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ দেশে ফিরে এলে তাদের প্রথম হামলার লক্ষ্য হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারলে আওয়ামী লীগ প্রথম আঘাত ও গুলি চালাবে তারেক রহমানের ওপর। তিনি দাবি করেন, অতীতেও জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। অন্যথায় অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।

নাসীরুদ্দীন আরও বলেন, উন্নয়নের নামে সরকার বিভিন্ন ধরনের কার্ড চালু করছে। তবে এসব কার্ডে সুবিধা না এলে জনগণের পক্ষ থেকে ‘লাল কার্ড’ দেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংস্কার ইস্যুতে তিনি বলেন, জনগণ ভোট ও ম্যান্ডেট দিয়েছে। সেই প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। জনগণের মতামত উপেক্ষা করা হলে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু বর্তমানে বিএনপি ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে ভাসানীর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলম বলেন, বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রাজনৈতিক পরিচয়ের কারণেই তারেক রহমান নেতৃত্বের সুযোগ পেয়েছেন। তবে গণঅভ্যুত্থানের আগের ধাঁচের বিএনপির রাজনীতি নিয়ে তাদের শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970