বাথরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:১৯ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাথরুমের বিশেষভাবে তৈরি ফলস সিলিংয়ের আড়ালে গোপন কক্ষে আত্মগোপন করলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। পুলিশের দাবি, তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার (২০ জুন) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসেন এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে শুক্রবার রাতে মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। ফ্ল্যাটের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও শুরুতে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে বাথরুমের একটি অংশে সন্দেহ হলে সেখানে তল্লাশি চালিয়ে দেয়ালের আড়ালে বিশেষভাবে তৈরি একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশার মামুন বিভিন্ন জেলার ব্যবসায়ীদের লক্ষ্য করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করতেন। জমি ব্যবসা এবং চাল ও তেলের ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করেও তিনি প্রতারণা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তদন্তে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সম্পৃক্ততার প্রমাণ মিললে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970