ফুটবল বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:০৭ পিএম
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শুরু হতেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার, আর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
আলজেরিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে তিন গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন মেসি। এই হ্যাটট্রিকের সুবাদে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান দখল করেছেন। একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কানাডার জোনাথন ডেভিড। কাতারের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনিও তিন গোল নিয়ে তালিকার ওপরের সারিতে অবস্থান করছেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ৭৯তম ম্যাচে ৪২তম গোল।
এদিকে দুই গোল করে যৌথভাবে পরের অবস্থানে রয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। এই তালিকায় আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা, ইংল্যান্ডের হ্যারি কেইন, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হলান্ড, জার্মানির কাই হাভার্টজ, সুইডেনের ইয়াসিন আইয়ারি, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট, সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি, কানাডার সাইল লারিন, যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন এবং মরক্কোর ইসমাইল সাইবারি।
সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে। এই দুই গোলের মাধ্যমে তিনি ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছে গেছেন।
অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের হয়ে প্রথম ম্যাচেই দুই গোল করেছেন আর্লিং হলান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে দলটি।
ব্রাজিলের হয়ে হাইতির বিপক্ষে জোড়া গোল করেছেন ম্যাথিউস কুনহা। একই ম্যাচে গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন ব্রাজিলের এই দুই তারকা।
টুর্নামেন্টের এখনও অনেক পথ বাকি থাকলেও শুরুতেই মেসি, এমবাপে, হ্যারি কেইন, আর্লিং হলান্ড ও ভিনিসিয়ুস জুনিয়রদের গোল উৎসব ইঙ্গিত দিচ্ছে, এবারের গোল্ডেন বুটের প্রতিযোগিতা হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম জমজমাট লড়াই।
সূত্র: গোল