নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, বিদায় চান অধিকাংশ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল–১২ পরিচালিত এক জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরাইলি মনে করছেন নেতানিয়াহুর এখন রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত।

জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী ৫৯ শতাংশ ইসরাইলির মত, আসন্ন জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর আর অংশ নেওয়া উচিত নয় এবং তার রাজনৈতিক অধ্যায়ের ইতি টানা প্রয়োজন। বিপরীতে মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা তাকে আবারও নির্বাচনে দেখতে চান। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা হওয়ায় নতুন রাজনৈতিক চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে দেশ-বিদেশে ইসরাইল সরকারকে ঘিরে সমালোচনা ও ক্ষোভও বেড়েছে।

বর্তমানে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তিনিই সবচেয়ে উপযুক্ত নেতৃত্ব।

আগামী অক্টোবরে ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী শিবিরের এক জ্যেষ্ঠ নেতা সম্প্রতি মন্তব্য করেছেন, এবারের নির্বাচন দেশটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় ঘুরিয়ে দিতে পারে।

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জন অপহৃত হওয়ার পর থেকেই নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন বাড়তে শুরু করে। পরবর্তীতে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও দেশটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অন্যদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে আলোচনায় আসে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে সই করেন। চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে ৬০ দিনের সময়সীমা ধরে দুই পক্ষের আলোচনাও শুরু হওয়ার কথা রয়েছে।

সমঝোতার অন্যতম শর্ত হিসেবে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা উল্লেখ করা হয়। শুরুতে এতে অনীহা থাকলেও শেষ পর্যন্ত ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

তবে যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় এক দিনে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। শনিবারের হামলাতেও আরও অন্তত ১২ জন প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবার ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হন এবং ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০০৯ সালে আবার ক্ষমতায় ফিরে ২০২১ সাল পর্যন্ত টানা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বল্প বিরতির পর ২০২২ সালে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা নিয়েও ইসরাইলের ভেতরে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অনেক ইসরাইলি এই চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন। স্থানীয় বিশ্লেষকদের কেউ কেউ একে ‘আত্মসমর্পণ’ এবং ‘লজ্জাজনক চুক্তি’ বলেও আখ্যা দিয়েছেন।

তাদের আশঙ্কা, এই সমঝোতার ফলে ইরান আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে পুনর্গঠনের সুযোগ পাবে। একই সঙ্গে লেবানন ইস্যুতে হওয়া চুক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক সক্ষমতা সীমিত করতে পারে, যা দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলে মনে করছেন তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970