হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীর মামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:০৩ পিএম
যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী। কেমব্রিজ থানায় দায়ের করা ওই মামলায় হাসনাত আব্দুল্লাহসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এনসিপি ইউকে এলায়েন্স।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ এনে মামলা করা হয়েছে। এনসিপির দাবি, এর মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসাও জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
বিবৃতিতে দাবি করা হয়, অতীতের মতো এবারও আওয়ামী লীগের এসব প্রচেষ্টা সফল হবে না। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলেও তারা এতে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে হাসনাত আব্দুল্লাহ লন্ডন সফরে গেলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে।