স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৩১ পিএম

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট গঠন না করে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, এ সিদ্ধান্ত দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক হবে। তবে একই সঙ্গে ভোট বিভাজনের কারণে কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও পড়তে পারে বলে তারা মনে করছেন।

আত্মপ্রকাশের এক বছর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন অর্জন করেছে তরুণ নেতৃত্বাধীন এনসিপি। নির্বাচনের পর থেকেই দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন নেতারা।

সারজিস আলম বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সাংগঠনিক কার্যক্রম নির্বাচনী প্রচারের চেয়েও বেশি গতিতে এগিয়ে চলছে। যেসব এলাকায় এখনো কমিটি গঠন হয়নি, সেখানে নতুন কমিটি করা হচ্ছে। একই সঙ্গে আগে গঠিত কমিটিগুলোর কার্যক্রম ও সক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও করা হচ্ছে।

তিনি আরও বলেন, এককভাবে নির্বাচনে অংশ নিলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে। এতে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠন এবং রাজনৈতিক তৎপরতা বাড়বে। তবে ভোট বিভাজনের কারণে কিছু আসনে জয়ের সম্ভাবনা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

অন্যদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এনসিপি। তবে নির্বাচন কবে বা কী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা থাকায় জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি।

তিনি আরও জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত না করার বিষয়ে এনসিপি সতর্ক অবস্থান নিয়েছে। তার ভাষ্য, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী অনেক ব্যক্তি যোগাযোগ করলেও সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে তাদের অনেককেই দলে নেওয়া হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970