জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে: শামীম হায়দার পাটোয়ারী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কারণেই বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতো না এবং সে ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও এনসিপিও এক মাস আগেই ভোট বর্জন করত। এমন পরিস্থিতিতে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী। নগরের সদর রোডের আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি সঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না বলেও জানান তিনি।

সরকারের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারী। তার দাবি, সরকারের ১০০ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো ইতিবাচক কাজ হয়নি। একই সঙ্গে তিনি বলেন, এ সময়ে ৬০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুদ্রাস্ফীতির পর বর্তমানে তা ৯ শতাংশে নেমে এসেছে। তবে দেশকে একটি জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রশাসনিকভাবে দেশ পরিচালনা করে জনগণকে সন্তুষ্ট করা সম্ভব নয়, এর জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন।

সংবিধান সংশোধনের প্রসঙ্গ টেনে শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, জাতীয় পার্টিকে ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয় এবং দলটিকে বাদ দিয়ে কোনো সরকার দীর্ঘদিন টিকেও থাকতে পারবে না।

সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, পূর্বনির্ধারিত ভেন্যু বরিশাল ক্লাব মিলনায়তনে ওপরমহলের নির্দেশের কথা বলে পুলিশ অনুমতি দেয়নি। পরে আগরপুর রোডের আরেকটি মিলনায়তনেও বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে সভা আয়োজনের অনুমতি পাওয়া যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970