পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেফতার দাবি নাহিদ ইসলামের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জুলাই সনদ বাস্তবায়নসহ একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুরের ফৌজদারি মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির এতদিন পর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময়েও ‘ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে’ অপসারণ করতে পারেনি। পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেফতার দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।
জামালপুরে কয়েকদিন আগে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি জেলা পুলিশ প্রশাসন ও পুলিশ সুপারের কাছে জানতে চান।
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সময়ে চাঁদাবাজি, দখলবাজি ও জমি দখলের মতো ঘটনা বন্ধ হয়নি। এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জনগণ গণভোটের পক্ষে মত দিলেও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। জাতীয় ঐক্যকে গুরুত্ব না দিলে সরকারের জন্য সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার যদি জনমতের প্রতি গুরুত্ব না দেয়, তাহলে অতীতের মতো আবারও শিক্ষার্থীরা আন্দোলনে নামতে পারে।
এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও বক্তব্য দেন।
সমাবেশে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।