সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে: শফিকুর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বিভিন্ন সময়ের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানের কারণেই দেশ স্বাধীনতা ও মুক্তির পথে এগিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের ফলেই ২০২৬ সালে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই আন্দোলন না হলে নির্বাচনও সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের প্রতি অবহেলা না দেখানোর আহ্বান জানান।

গত জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির দাবি করেন, ব্যাপক জালিয়াতি, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার ও নানা ধরনের নির্বাচন প্রকৌশলের মধ্যেও জনগণ তাদের সমর্থন দিয়েছে। তার ভাষ্য, ভোট গণনা ও ফলাফল সুষ্ঠুভাবে প্রকাশিত হলে আরও আসনে তাদের বিজয় আসত।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কারবিষয়ক গণভোট নিয়ে সরকার যে অবস্থান নিয়েছিল, নির্বাচনের পর তা থেকে সরে এসেছে। প্রায় ৬৭ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দেওয়ার পরও সেই জনরায়ের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বড় বাজেট ঘোষণা করাই যথেষ্ট নয়, সেটি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করাও জরুরি। অতীতের মতো দুর্নীতি ও অর্থ লুটপাট বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি।

নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত এ জেলা বর্তমানে নানা সংকটে পড়েছে। বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি দলের অতীতের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় এবং জনগণ সময়মতো এর জবাব দেবে।

অনুষ্ঠানে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করে ডা. শফিকুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ একজন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বকে বেছে নেবে বলে তাদের বিশ্বাস।

মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970