সীমান্তে ‘পুশইন’ আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী: চরমোনাই পীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৫৩ এএম

ছবি: সংগৃহীত

সীমান্তে ভারতের ‘পুশইন’ কার্যক্রম আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল শেষে জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সীমান্তে যেভাবে ‘পুশইন’ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মানুষের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সীমান্তে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ভূমিকার প্রশংসা করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি অত্যন্ত দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে বাহিনীটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। প্রয়োজনে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে মত দেন তিনি।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত না হলে কোনো বাজেটই জনগণের প্রকৃত কল্যাণে ভূমিকা রাখতে পারে না। দেশের প্রতিটি নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর ও ভ্যাট প্রদান করে উল্লেখ করে তিনি বলেন, সেই অর্থ কোন খাতে এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাজেটের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে হবে। সরকার যদি সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারে, তবে তা দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970