যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৪ এএম

ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। চারদিনব্যাপী এ বৈঠকের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার (১১ জুন) ভারতের রাজধানী দিল্লিতে বিএসএফ সদর দপ্তরে।

বৈঠক শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী উভয় পক্ষ যৌথ আলোচনার নথিতে স্বাক্ষর করলেও কোনো যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়নি। পরে সম্মেলনের বিভিন্ন বিষয় তুলে ধরে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত হত্যা ও সীমান্তে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিজিবির মহাপরিচালক। একই সঙ্গে পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশের বিষয়টিও বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির অন্তর্ভুক্ত ছিল।

এ ছাড়া মাদক, অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মানবপাচার রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে যৌথ টহল বৃদ্ধি এবং দুই বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানোর বিষয়েও একমত হয়েছে উভয় পক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত বৈঠক ১৯৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বছরে একবার অনুষ্ঠিত হতো। পরবর্তীতে ১৯৯৩ সালে এ বৈঠক বছরে দুবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী পর্যায়ক্রমে ঢাকা ও নয়াদিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বশেষ বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ২০২৫ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970