রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘আজ রাতেই’ ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালাবে।

বৃহস্পতিবার (১১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলায় অনুসৃত নীতির মতোই খার্গ দ্বীপসহ ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খার্গ দ্বীপের মাধ্যমে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করা হয়, যা দেশটির অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস।

খার্গ দ্বীপকে ইরানের অন্যতম সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। সেখানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ-মাইন এবং বিপ্লবী গার্ড বাহিনীর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে, এমন একটি দ্বীপ দখলে বড় আকারের সামরিক অভিযান এবং বিপুল সংখ্যক মার্কিন সেনার প্রয়োজন হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশটির অধিকাংশ আক্রমণাত্মক সক্ষমতাও ধ্বংস হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

একই পোস্টে তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে খার্গ দ্বীপ এবং ইরানের অন্যান্য তেল স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়া হবে এবং ভেনেজুয়েলার মতো তেল ও গ্যাস বাজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।

এর আগে হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সর্বশেষ বোমা হামলার পরই ডোনাল্ড ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি সামনে আসে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970