দুবাইয়ে ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কা, প্রাণ গেল ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

দুবাইয়ের এমিরেটস রোডে ট্রাক ও মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তথ্য জানিয়েছে দুবাই পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক মহাসড়কের মাঝখানে হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মিনিবাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে ট্রাফিক টহল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং চারজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এমিরেটস রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক নিরাপদ করে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ট্রাফিক দুর্ঘটনা তদন্ত বিভাগের বিশেষজ্ঞরা বিস্তারিত তদন্ত শুরু করেছেন।

ব্রিগেডিয়ার বিন সুওয়াইদান বলেন, যানবাহন বিকল হওয়া, জ্বালানি শেষ হয়ে যাওয়া বা টায়ার ফেটে যাওয়ার মতো কারণে মহাসড়কের মাঝখানে গাড়ি থেমে গেলে তা মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। তিনি যাত্রার আগে যানবাহনের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে চালকদের প্রতি আহ্বান জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970