পুলিশ আসতেই খিচুড়ি ফেলে দৌড়, ২ ছাত্রলীগ কর্মী আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:১২ পিএম
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খিচুড়ি খাওয়ার আয়োজনের আড়ালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জমায়েতের অভিযোগে পুলিশ অভিযান চালিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুইজন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খিচুড়ি খাওয়ার কথা বলে ওই এলাকায় একত্রিত হন। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকেই রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ জানিয়েছে, জড়িত অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।