বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বই থাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের গাড়ি আটক করল ছাত্রদল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫৩ পিএম
বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময় প্রকাশিত কিছু বই অনাকাঙ্ক্ষিতভাবে লাইব্রেরিতে থেকে গিয়েছিল। বিষয়টি নজরে আসার পর দ্রুত সেগুলো সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এসব বই ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রমে রাখা হবে না।
গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের লক্ষ্য দেশজুড়ে পাঠাভ্যাস গড়ে তোলা। বুধবার রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থানকালে ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িতে থাকা কয়েকটি বই নিয়ে আপত্তি জানান। পরে মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হয়।
এ বিষয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডিসি কার্যালয় থেকে বেরিয়ে এমদাদুল হক লিমন দাবি করেন, ভ্রাম্যমাণ লাইব্রেরিতে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার লেখা বিপুলসংখ্যক বই পাওয়া গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব বই পাঠকদের জন্য সংরক্ষিত থাকায় তাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
এসব বই নিষিদ্ধ কি না—এমন প্রশ্নের জবাবে লিমন বলেন, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একই সঙ্গে তিনি দাবি করেন, আগে কিছু এলাকায় এ ধরনের বই সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে জাহাঙ্গীর আলম বলেন, প্রায় এক বছর ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম বন্ধ থাকায় গাড়িটি দীর্ঘদিন প্রধান কার্যালয়ে ছিল। গত ৫ আগস্টের পর বইগুলো পাঠকদের প্রদর্শনের বাইরে রাখা হলেও সংরক্ষণের আলাদা ব্যবস্থা না থাকায় সেগুলো গাড়িতেই সংরক্ষিত ছিল। তিনি জানান, বইগুলো এমনভাবে রাখা হয়েছিল যাতে সহজে চোখে না পড়ে। তবে কিছু পাঠক সেগুলো বের করে দেখেন। বিষয়টি নজরে আনার জন্য ছাত্রদলকে ধন্যবাদও জানান তিনি।