হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে: আসিফ মাহমুদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে যতটা গ্যাসের দাম বেড়েছিল, বিএনপির মাত্র তিন মাসের শাসনেই ততটাই বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলার একটি পার্টি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ চরম অস্বস্তির মধ্যে রয়েছে। তার ভাষ্য, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে যতটা গ্যাসের দাম বেড়েছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সেই পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছে। এ কারণে বিএনপি ধীরে ধীরে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র বলেন, দায়িত্ব গ্রহণের পর মব সহিংসতা বন্ধের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিএনপি অতীতেও দেশ পরিচালনায় ভালো ছিল না।

এনসিপির সক্ষমতার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, যে দল ছায়া বাজেট প্রণয়ন করতে পারে, তারা পূর্ণাঙ্গ বাজেটও তৈরি করতে সক্ষম। বর্তমানে সাধারণ মানুষের পক্ষে কার্যকরভাবে কথা বলার মতো কোনো দল নেই এবং সেই ভূমিকা একমাত্র এনসিপিই পালন করছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণের সামনে তুলে ধরা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লাকে এনসিপির রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970