আপা যেখানে নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
শেখ হাসিনা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন হবে, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে অনুষ্ঠিত ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কিছু গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করছেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে তার ভাষ্য, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই এবং তিনি যেখানেই নামবেন, সেখানেই জনতা তার ফাঁসি কার্যকর করবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। এছাড়া গবাদিপশু বাঁধার দড়ির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেগুলোও শেখ হাসিনার জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং দেশে ফিরলে কোনো বিলম্ব ছাড়াই তার ফাঁসি কার্যকর করা হবে।
বক্তব্যের একপর্যায়ে কিশোরগঞ্জের রাজনীতি নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আলেমদের উপস্থিতি থাকলে এলাকায় গজব কম আসে। এরপর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে কিশোরগঞ্জের একটি রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বক্তব্য দেন এবং ফজলুর রহমানকে কটাক্ষ করে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, কিশোরগঞ্জে আওয়ামী লীগের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে এবং ফজলুর রহমান তাদের মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কিশোরগঞ্জবাসীকে এ পরিস্থিতি থেকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।