ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বর নিহত, আহত নববধূ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি আরবপ্রবাসী ইয়ামিন মিয়া (৩০)। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নববধূ সুমা আক্তার (১৮)। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে নববধূকে নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন ইয়ামিন। পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত ইয়ামিন ও সুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভুঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
নিহতের চাচা নওশাদ হোসেন জানান, গত ৮ জুলাই বিয়ের উদ্দেশ্যে সৌদি আরব থেকে দেশে ফেরেন ইয়ামিন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। সোমবার বিকেলে সেখান থেকে ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন।
তিনি বলেন, বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন মর্মান্তিক মৃত্যু পরিবারের কেউই মেনে নিতে পারছেন না। স্বজনদের কান্নায় হাসপাতালজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।