শিশুদের আত্মগঠনেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশের শিশু-কিশোরদের সঠিকভাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করবে। তাই এখন থেকেই তাদের পড়াশোনা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার প্রতি সমান গুরুত্ব দিতে হবে।

সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা, নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ তোমাদের দিকেই তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আমরা হয়তো সেই যাত্রা শুরু করেছি, কিন্তু ভবিষ্যতে এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদেরই নিতে হবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, অনুষ্ঠানে উপস্থিত হাজারো শিশুর মধ্য থেকেই ভবিষ্যতে দেশের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় তৈরি হবে, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

শিশুদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখন তোমাদের মূল দায়িত্ব মনোযোগ দিয়ে পড়াশোনা করা। পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। আত্মগঠনের জন্য এই দুই ক্ষেত্রেই আন্তরিক হতে হবে।’

পরিবেশ রক্ষার বিষয়েও শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকেই রাস্তা, পুকুর, নদী কিংবা আশপাশের পরিবেশে প্লাস্টিকের বোতল ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করেন। এমন দৃশ্য চোখে পড়লে তাদের নিরুৎসাহিত করতে হবে। প্রয়োজনে ময়লা তুলে নির্ধারিত স্থানে ফেলতে হবে।

এ ছাড়া প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের বাড়ি, স্কুল কিংবা সুবিধাজনক যেকোনো স্থানে একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। বেশি বেশি গাছ লাগানো গেলে পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন হবে। এতে আমরা সবাই নির্মল পরিবেশে স্বস্তির সঙ্গে জীবনযাপন করতে পারব।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970