আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই বিনিয়োগের প্রধান শর্ত। এ কারণে সরকার জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা সবসময় নিরাপদ ও অনুকূল পরিবেশে তাদের পুঁজি বিনিয়োগ করতে চান। জানমালের নিরাপত্তা নিয়ে সামান্য অনিশ্চয়তা থাকলেও বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহ হারান।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।