চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় রোগীর চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রোগীর স্বজন চিকিৎসককে উদ্দেশ করে বলছেন, হাসপাতালে ঢুকে প্রথমেই সালাম দিয়েছেন এবং পরে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন। তিনি প্রশ্ন করেন, একজন সরকারি কর্মকর্তা হওয়ায় কেন তাকে ‘ভাই’ বলা যাবে না। জবাবে চিকিৎসক বলেন, ‘আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।’

জানা গেছে, রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর বয়সী ছেলে রুজায়াইনকে নিয়ে জরুরি বিভাগে যান। পরিবারের দাবি, একটি বিড়ালের আঁচড়ে আহত হওয়ায় শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।

তানভীর হাসানের অভিযোগ, জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম জানিয়ে ‘ভাই’ বলে শিশুর চিকিৎসার বিষয়টি তুলে ধরেন তিনি। তখন চিকিৎসক জানান, হাসপাতালে বিড়ালের আঁচড় বা কামড়ের প্রয়োজনীয় টিকা নেই, বিকেলে আসতে হবে। পরে যোগাযোগের সুবিধার্থে চিকিৎসকের মুঠোফোন নম্বর চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, চিকিৎসক বলেন, একজন বিসিএস ক্যাডারকে ‘ভাই’ বলে সম্বোধন করার পর আবার তার ব্যক্তিগত নম্বর চাওয়া ঠিক হয়নি। এরপর উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে চিকিৎসা না দিয়েই তাদের চলে যেতে বলা হয়।

এ বিষয়ে তানভীর হাসান বলেন, অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসার আশায় হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসককে যথাযথ সম্মান দেখিয়েই কথা বলেছিলেন, কিন্তু ‘ভাই’ বলে সম্বোধন করায় তিনি বিরক্ত হন। পরে নম্বর চাইতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. মো. আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

তবে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, ডা. আরিফুল ইসলাম দায়িত্বশীল ও কর্মঠ চিকিৎসক। তার মতে, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির ফল। রোগী চাইলে হাসপাতালের অফিসিয়াল নম্বর দেওয়া যেতে পারত। এছাড়া ভাইরাল ভিডিওতেও চিকিৎসক ‘ভাই’ বলে সম্বোধন করতে নিষেধ করেছেন—এমন বিষয় স্পষ্টভাবে শোনা যায় না। তিনি মনে করেন, উভয় পক্ষের ভুল বোঝাবুঝির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে আরও সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বানও জানিয়েছেন সচেতন নাগরিকরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970