বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন বন্ধুত্বের টানে ছুটে আসা সেই চীনা নাগরিক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের চর ভবানীপুর ভাটাপাড়া গ্রামের এক স্কুলছাত্রী সাদিয়ার বাড়িতে আসা কথিত চীনা নাগরিক পরিচয় নিয়ে বিতর্কের মধ্যেই সেখান থেকে পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে সুবেজ নামে পরিচয় দেওয়া ওই ব্যক্তি সাদিয়ার জন্য বিভিন্ন উপহার নিয়ে বাড়িতে আসেন। বিদেশি নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে গ্রামবাসী ভিড় করেন। ঘটনাস্থলে সংবাদকর্মীরাও উপস্থিত হলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সংবাদকর্মীরা তার পরিচয় নিশ্চিত করতে পাসপোর্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান। এতে সন্দেহের সৃষ্টি হলে কয়েকজন সংবাদকর্মী গোপন ক্যামেরায় ধারণ করা তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে তার ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।
এদিকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত শনিবার রাতে ঢাকা থেকে সামিলা নামে এক তরুণী ওই বাড়িতে এসে দাবি করেন, সুবেজ তার স্বামী। তিনি জানান, পরিচয়ের পর সুবেজ ঢাকায় এসে তাকে বিয়ে করেছিলেন। কিছুদিন একসঙ্গে থাকার পর কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই তিনি নিজ দেশে ফিরে যান। পরে আর্থিক সমস্যার কথা বলে বাংলাদেশে ফিরে আসতে পারছেন না বলে সামিলাকে জানিয়ে আসছিলেন।
তবে সাদিয়ার বাড়িতে তার অবস্থানের বিষয়টি প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়। এ ঘটনার পর রোববার ভোরে সামিলাকে সঙ্গে নিয়ে কথিত ওই চীনা নাগরিক সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।