মেহেরপুরে এনসিপির সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তা জোরদার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও পথসভাকে ঘিরে একের পর এক রহস্যজনক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে কুশপুত্তলিকা সদৃশ তিনটি বস্তু উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই সমাবেশস্থলের অদূরে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। সমাবেশস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগের ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
এর আগে একই দিন ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। ওই ঘটনাতেও তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিনে পরপর দুটি ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং একই দিনে ঘটে যাওয়া দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাদুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।