আমি একজন জুলাই যোদ্ধা, মিথ্যা মামলা দিয়ে দমানো যাবে না: হিরো আলম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গনের মোট ২৮ জনের বিরুদ্ধে করা মামলায় কনটেন্ট নির্মাতা হিরো আলমের নাম অন্তর্ভুক্ত হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার দাবি, এ মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাষ্ট্র সংলাপ ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, মিথ্যা মামলা দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। অভিযোগকারীরা যদি সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধেও তিনি আইনি ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল তাকে হত্যার চেষ্টা ও সম্মানহানির ষড়যন্ত্র করে আসছে। সারা জীবন তিনি আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন এবং এ কারণে একাধিকবার হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

হিরো আলমের ভাষ্য, আন্দোলনের দুই বছর পর হঠাৎ করে তার নাম মামলায় যুক্ত করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এতদিন অভিযোগকারীরা কোথায় ছিলেন। তার দাবি, জুলাই আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং নিজেকে একজন ‘জুলাই যোদ্ধা’ বলেও উল্লেখ করেন।

নিজেকে কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি এমন কোনো পোস্ট দেখাতে পারেন যেখানে তিনি দলটির পক্ষে ভোট চেয়েছেন বা প্রচারণা চালিয়েছেন, তাহলে তা প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে। বরং তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বলেই আজ তাকে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন।

নিজের যোগ্যতা নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, তিনি হয়তো উচ্চশিক্ষিত নন, তবে সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণেই অনেকের বিরাগভাজন হয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যারা নিজেদের যোগ্য বলে দাবি করেন, তাদের অনেকেই বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হিরো আলম। তার মতে, এখন মানুষ প্রতিবাদ করতে ভয় পায়, কারণ প্রতিবাদ করলেই মামলা, হামলা কিংবা কারাবন্দি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তিনি আরও বলেন, জনগণের সমস্যা নিয়ে আলোচনা করার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনের শেষদিকে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করেন হিরো আলম। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় তার অবস্থান ও ভূমিকার বিভিন্ন ভিডিও তার ইউটিউব চ্যানেলে রয়েছে। আগ্রহীরা সেগুলো দেখে বাস্তবতা যাচাই করতে পারেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970