সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামে একটি ফেসবুক পেজ এবং চার ব্যবহারকারীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান।
মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামে একটি ফেসবুক পেজকে প্রধান বিবাদী করা হয়েছে। পাশাপাশি আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ এবং কাজী নুমি নামে চার ফেসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় অবস্থানকালে মোহাম্মদ আজিজুর রহমান ফেসবুকে নিজের সম্পর্কে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামের পেজ থেকে পোস্টটি প্রকাশ করা হয়। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানালে কয়েকজন ব্যবহারকারী সেখানে আপত্তিকর মন্তব্য করেন।
বাদীর দাবি, ওই পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ জানান, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলের সম্মানহানির চেষ্টা করেছেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন।