লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম
রাজধানীর লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এদের মধ্যে লালবাগ থানার মামলাটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের একটি মামলা। তাকে কখন আদালতে তোলা হবে, তা নির্ধারণের কাজ চলছে।
শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগ করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবদুল হামিদকে স্পিকার নির্বাচিত করা হলেও পরবর্তীতে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন স্পিকার নির্বাচিত হন এবং টানা দায়িত্ব পালন করেন।
জুলাই গণ–অভ্যুত্থানের সহিংসতায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।