পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:২৭ এএম

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। এখন এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২১ সালের ৯ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমণি। সেই মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন। পরবর্তীতে তার সঙ্গে পরীমণির ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীমণির তার বাসায় যাতায়াত ছিল এবং তাদের একসঙ্গে অবস্থানের সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়।

অভিযোগ ওঠার পর তাকে ডিবি থেকে বদলি করা হয় এবং বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

সরকারি নথিপত্র অনুযায়ী, তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাকলায়েন ও পরীমণির মধ্যে সম্পর্ক পেশাগত সীমা অতিক্রম করে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্কে রূপ নেয়। ফরেনসিক ও কল ডিটেইলস বিশ্লেষণে তাদের একাধিকবার যোগাযোগ ও সাক্ষাতের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২১ সালের ১ আগস্ট পরীমণি তার সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করেন। বিষয়টি সরকারি দায়িত্বশীল কর্মকর্তার আচরণবিধির পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

পরে বিভাগীয় মামলায় তাকে ‘অসদাচরণ’-এর দায়ে অভিযুক্ত করা হয়। তদন্ত ও শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে গোলাম সাকলায়েন বা পরীমণির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970