নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ বাবা-মা-ছেলে একসঙ্গে দাফন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫) এবং ছেলে সিয়াম (১৯)। মঙ্গলবার (১৬ জুন) তাদের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১১ জুন সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চানপুর এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন।

গুরুতর দগ্ধ অবস্থায় সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন সুলতানা মারা যান। এরপর সোমবার (১৫ জুন) ভোরে তার স্বামী আব্দুল মান্নান এবং একই দিন কয়েক ঘণ্টা পর তাদের ছেলে সিয়াম মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় পরিবারের ১৩ বছর বয়সী মেয়ে মিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া একই ঘটনায় প্রতিবেশী এক শিশু হযরত আলীও চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970