রাজশাহীর সীমান্তে ২৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফেরত নিল বিএসএফ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:২২ এএম
রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের জন্য আনা ২৩ জনকে শেষ পর্যন্ত ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৫ জুন) রাতে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশ থেকেই তাদের ফিরিয়ে নেওয়া হয়।
স্থানীয় বিকল্প বিওপি কমান্ডার জানান, গত শুক্রবার (১২ জুন) চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়েছিল। তাদের মধ্যে ২৩ জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে দুটি নৌকায় করে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, বিষয়টি নজরে আসার পর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থান নেন। বিজিবির কঠোর নজরদারির কারণে নৌকাগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে বাধ্য হয়ে গত রাতে শূন্যরেখার ভারতীয় অংশেই ওই ২৩ জনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।