নড়াইলে টিকটক করায় স্ত্রীকে হত্যা, আত্মহত্যা সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখেন স্বামী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৪৬ এএম

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ার চরদিঘলিয়া গ্রামে টিকটক ব্যবহারকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রাখার অভিযোগও পাওয়া গেছে।

নিহত নারী সুমনা ফেরদৌসী (৩৬) এবং অভিযুক্ত স্বামী লিমন মল্লিক (৩০) কে পুলিশ আটক করেছে। সোমবার (১৫ জুন) রাতে নিজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। সুমনার বাবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। এটি ছিল লিমনের দ্বিতীয় এবং সুমনার চতুর্থ বিয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমনার টিকটক ব্যবহার এবং পরপুরুষদের সঙ্গে যোগাযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই সোমবার সকালে লিমন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে দরজা বন্ধ করে বাইরে চলে যান তিনি।

বিকেলে বাড়িতে ফিরে লিমন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হলেও জিজ্ঞাসাবাদে লিমন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, লিমন ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করার সময় সুমনার সঙ্গে পরিচিত হন এবং ২০২১ সালে তারা বিয়ে করেন। বর্তমানে তিনি স্থানীয়ভাবে চায়ের দোকান পরিচালনার পাশাপাশি কাঠ কাটার শ্রমিক হিসেবে কাজ করেন।

সুমনার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970