পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক (সরকারি পরিচালক) নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফের পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার সুনিল কুমার যাদবের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে শূন্যরেখায় অবস্থানরত ওই ব্যক্তিদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতেও রাজি হয়নি।

এ পরিস্থিতিতে বিজিবি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালে বিএসএফ বিষয়টি তদন্ত করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাতে সময় চায়। ফলে আপাতত ১২ জনকে সীমান্তের শূন্যরেখাতেই অবস্থান করতে হচ্ছে।

ওই ১২ জনের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে উজির আলী, তার স্ত্রী জয়নুর বেগম, বড় ছেলে শিহাদ, মেজো ছেলে ইনজামুল এবং আড়াই বছরের শিশু সামাদ। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য ও খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্যও রয়েছেন। তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

এর আগে শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।

শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের দাবি, তারা ভারতের কেরালা রাজ্যে কর্মরত ছিলেন। সেখান থেকে তাদের আটক করে বিএসএফ বিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের তৎপরতায় সেই উদ্যোগ ব্যর্থ হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। বিজিবির অভিযোগ, বিএসএফের অসহযোগিতা ও গাফিলতির কারণে নির্ধারিত বৈঠকটি ভেস্তে যায়। এর ফলে ১২ জনকে সীমান্ত এলাকায় রাত কাটাতে হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, শনিবার সকালে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং বিষয়টি তদন্তের জন্য সময় চেয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970