ব্রাজিল নাকি মরক্কো জিতবে, পূর্বাভাস দিলো সুপারকম্পিউটার
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:০২ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার ভোর চারটায় গ্রুপ ‘সি’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা। নিউ জার্সির নিউইয়র্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামছে ব্রাজিল।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টা সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যাচ জয়ের সম্ভাবনায় ব্রাজিল এগিয়ে। তাদের জয়ের সম্ভাবনা ৫৮ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৫ শতাংশ এবং মরক্কোর জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৮ শতাংশ।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রতিটি আসরেই অংশ নিয়েছে তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবার ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। তবে ২০০২ সালের পর আর শিরোপা না পাওয়ায় এবারও ব্যর্থ হলে ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।
কার্লো আনচেলত্তির নতুন অধ্যায়
এই বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে রয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। তিনি ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন। একই সঙ্গে বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দুই শিরোপা জয়ী কোচদের অভিজাত তালিকায় নাম লেখানোর সুযোগও রয়েছে তার সামনে।
রাফিনিয়ার ওপর ভরসা
চার বছর আগে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া ব্রাজিল এবার নতুন করে স্বপ্ন দেখছে। দলে আছেন ফর্মে থাকা বার্সেলোনা তারকা রাফিনিয়া। বাছাইপর্বে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাব ফুটবলেও দারুণ ছন্দে আছেন এই উইঙ্গার।
যদিও প্রস্তুতি ম্যাচে পানামা ও মিশরের বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল, তবে বাছাইপর্বে তাদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। দক্ষিণ আমেরিকা অঞ্চলে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা, যা গত তিন দশকের মধ্যে তাদের সবচেয়ে খারাপ ফলাফল।
মরক্কোর আত্মবিশ্বাস
অন্যদিকে মরক্কোও এখন আর আগের মতো দল নয়। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিল আফ্রিকার এই দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তারা সব ম্যাচ জিতে আত্মবিশ্বাসী অবস্থায় আছে।
দলের প্রধান ভরসা অধিনায়ক আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ ও আইয়ুব এল কাবি। আফ্রিকান নেশনস কাপেও তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
ইনজুরি দুশ্চিন্তা
মরক্কো শিবিরে একাধিক ইনজুরি সমস্যা রয়েছে। আব্দে এজ্জালজুলি ও নায়েফ আগুয়ের্দ দলে নেই। নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও শঙ্কা রয়েছে।
অন্যদিকে ব্রাজিল শিবিরেও দুশ্চিন্তা কম নয়। নেইমার এখনও পুরোপুরি ফিট নন। ডান প্রান্তের ডিফেন্ডার ওয়েসলিও ইনজুরির কারণে এই ম্যাচে নাও খেলতে পারেন।
মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপে দুই দলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ১৯৯৮ সালে তারা মুখোমুখি হয়েছিল। সর্বশেষ ২০২৩ সালের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছিল মরক্কো।
আফ্রিকান দলের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে চমক দেখিয়েছে মরক্কো।
সম্ভাব্য ফলাফল
অপ্টার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে ব্রাজিল এগিয়ে থাকলেও মরক্কোর সাম্প্রতিক পারফরম্যান্স ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। গ্রুপ পর্বে জয় পাওয়া দুই দলের জন্যই পরবর্তী পর্বে সুবিধাজনক অবস্থান তৈরি করবে।