ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০৭ পিএম
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর উদ্বোধনী এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে প্রস্তুত কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি এবং নাইজেরিয়ার আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী জে বালভিন এবং পপ ব্যান্ড মানাও।
এবারের উদ্বোধনী ম্যাচ অনেকটাই মনে করিয়ে দিচ্ছে ২০১০ সালের বিশ্বকাপকে। সেবারও উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর আগে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে এবার নিজেদের মাঠ আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে মেক্সিকো।
দল হিসেবে মেক্সিকোর সবচেয়ে বড় শক্তি ধরা হচ্ছে তাদের রক্ষণভাগকে। অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে গড়া দলটি সর্বশেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।
অন্যদিকে, দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলতে দক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব রয়েছে আফ্রিকার দেশটির।
বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। পরদিন বাংলাদেশ সময় একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে দর্শকদের মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
এরপর শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ধাঁচের এই অনুষ্ঠানে পারফর্ম করবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।