মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি মুছে ফেলা হয়েছিল।
মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল। পরে বিষয়টি সমাধান করে ভিডিওটি পুনরায় চালু করা হয়েছে।
এ ঘটনায় ভারত সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ভিডিওটি সরিয়ে নেওয়ার কারণ ও পুরো ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে জানা গেছে। প্রয়োজনে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ভিডিওটি গত ২৩ জুলাই ফেসবুকে প্রকাশ করা হয়েছিল। এটি শিক্ষার্থী বিক্ষোভকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের উদ্দেশে নরেন্দ্র মোদির দেওয়া প্রথম বার্তা হিসেবে প্রচার করা হয়।
ভিডিওতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মোদি। সরিয়ে নেওয়ার আগে ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছিলেন।
মেটার পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে ভিডিওটি সরানো হলেও বর্তমানে এটি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে।
সূত্র: এনডিটিভি